বাংলাধারা প্রতিবেদন »
ছাত্রলীগের মিথ্যা পরিচয়ে নগরীর কোনো হাসপাতালে কোনো ব্যাক্তির বিশৃঙ্খলা-অনৈতিক কর্মকাণ্ড বা অপ্রীতিকর ঘটনা ঘটলে এর জন্য ছাত্রলীগ দায়ী থাকবে না এবং অপরাধীর অপরাধ বিবেচনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট অনুরোধ জানিয়েছেন মহানগর ছাত্রলীগ।
মঙ্গলবার (৯ জুন) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামে চিকিৎসা সেবার বেহাল দশা উপস্থাপন করে তার প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। তার ধারাবাহিকতায়, নগর ছাত্রলীগের একটি প্রতিনিধি দল নগরীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে বেসরকারি হাসপাতালের নানান অনিয়মের চিত্র তুলে আনার চেষ্টা করেছে, যা প্রতিবেদন আকারে সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ করা হবে এবং প্রশাসনের সহযোগিতায় চিকিৎসা সেবায় অনিয়ম বন্ধে ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালসমূহের চিকিৎসাসেবা পর্যবেক্ষণ ও সমন্বয় কার্যক্রমে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সভাপতি/সাধারণ সম্পাদক কর্তৃক নির্ধারিত কার্যনির্বাহী কমিটির নেতা এবং সভাপতি অথবা সাধারণ সম্পাদকের উপস্থিতিতে উক্ত কর্মসূচী পরিচালিত হচ্ছে।
‘সভাপতি/সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে নগর ছাত্রলীগের আওতাধীন কোনো ইউনিট বা নেতাকর্মীকে এই কার্যক্রম পরিচালনার জন্য কোথাও কোনো হাসপাতালে প্রেরণ করা হয়নি। সভাপতি অথবা সাধারণ সম্পাদক নিজে সশরীরে উপস্থিত থাকা ব্যতিত এই কর্মসূচী পরিচালনার দায়িত্ব বা নির্দেশনাও প্রদান করা হয়নি।’
আইনভঙ্গ করে কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীর অপরাধ বিবেচনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট অনুরোধ জানিয়ে বলেন, ছাত্রলীগের মিথ্যা পরিচয়ে নগরীর কোনো হাসপাতালে কোনো ব্যাক্তির বিশৃঙ্খলা -অনৈতিক কর্মকাণ্ড বা অপ্রীতিকর ঘটনার জন্য চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ দায়ী থাকবে না।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












