১৩ মার্চ ২০২৬

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সার্ভেইল্যান্স টিম গঠন

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাসে আক্রান্ত ও সাধারণ রোগীদের ফিরিয়ে দেয়ার একের পর এক অভিযোগ উঠছে, তখন চট্টগ্রাম জেলার ২০টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে মোট ৮২৫ শয্যা খালি, যা এসব প্রতিষ্ঠানের মোট ধারণক্ষমতার প্রায় অর্ধেক। আর আইসিইউ শয্যার খোঁজে রোগীর স্বজনরা হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরলেও এসব ক্লিনিকের আইসিইউতে চিকিৎসার সুযোগ পাচ্ছেন মাত্র ২৫ জন, যা সক্ষমতার চার ভাগের এক ভাগ। এ পরিস্থিতিতে চিকিৎসা দিতে অনাগ্রহী বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করতে যাচ্ছে সার্ভেইল্যান্স টিম। এজন্য বুধবার তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি দল গঠন করা হয়েছে।

দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কোভিড-১৯ এর পাশাপাশি অন্যান্য রোগীদেরও আলাদা ইউনিটে চিকিৎসা দেওয়ার নির্দেশনা রয়েছে সরকারের। 

তবে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের মালিকরা বলছেন, চিকিৎসক স্বল্পতা ও আইসিইউ বেড নষ্ট থাকাসহ নানা কারণে তারা সক্ষমতা অনুসারে রোগী ভর্তি করাতে পারছেন না।

এর আগে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মনিটর করতে গঠিত সার্ভেইল্যান্স টিম ৩ জুন হাসপাতালগুলোর তথ্য চেয়ে চিঠি দেয়।

সার্ভেইল্যান্স টিমের কাছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দেখা যাচ্ছে, নগরী ও জেলার ২০টি হাসপাতালে মোট ১৫৮৮টি শয্যার মধ্যে ৮২৫টি খালি ছিল মঙ্গলবার।

সার্ভেইল্যান্স টিমের আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান বলেন, রোগীদের চিকিৎসা ছাড়া যাতে ফিরিয়ে দেয়া না হয় সে বিষয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের বহুবার বলেছি। তাদের কেউ কেউ সেটা শুনছেন না। এখন আমরা ব্যবস্থা নেব। তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি টিম গঠন করা হয়েছে। আজ থেকেই মনিটরিং অভিযান শুরু হতে পারে। তারা যেসব তথ্য দিয়েছেন সেগুলোর সত্যতাও যাচাই করা হবে। রোগীদের চিকিৎসা না দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সার্ভেইল্যান্স টিমের সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম বলেন, সেবা না পাওয়ার যেসব অভিযোগ আপনারা পাচ্ছেন তাতে সত্যতা আছে। এতদিন সর্তক করে, বুঝিয়ে, যোগাযোগ করে ব্যবস্থা নিয়েছি। চেষ্টা করেছি কেউ যাতে প্যানিকড না হয়। বুঝিয়ে না হলে অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টি এখন সেদিকেই যাচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ