বাংলাধারা প্রতিবেদন »
মহামারি করোনার এই দুঃসময়ে নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের শ্বাসকষ্টের রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুল্যান্স সেবা দেওয়ার ঘোষণা দিলেন কাউন্সিলর মো. মোরশেদ আলম।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল থেকে ০১৮৮৬ ৯৯০ ৯৯০ নাম্বারে ফোন দিয়ে শুলকবহর ওয়ার্ডের শ্বাসকষ্টের রোগীরা অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুল্যান্স সেবা পাবেন বলে জানান এ কাউন্সিলর।
শ্বাসকষ্টের রোগীদের জন্য দরকার নিরবিচ্ছিন্ন অক্সিজেন ব্যবস্থা সেখানে অধিকাংশ হাসপাতালে নেই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা। এতে করে শ্বাসকষ্টের রোগীরা পড়েছে চরম বিপাকে। একজন শ্বাসকষ্ট রোগীর প্রতি চার থেকে পাঁচ ঘন্টা অন্তর একটি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হয় এবং ২৪ ঘন্টায় প্রয়োজন হয় চার থেকে পাঁচটি সিলিন্ডারের। সেখানে চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে রোগীরা পড়ছেন চরম বিপাকে।
করোনার এমন করুণ পরিস্থিতিতে নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের শ্বাসকষ্টের রোগীদের পাশে এসে দাঁড়ালেন ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল থেকে ১৫ সিলিন্ডার অক্সিজেন, ৩টি অ্যাম্বুল্যান্স, ২ জন চিকিৎসক ও ২ জন টেকনিশিয়ান (অপারেটর), ১০ জন স্বেচ্ছাসেবক দিয়ে বিনামূল্যের এ সেবা চালু করছেন তিনি।
বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুল্যান্স সেবা দেওয়ার বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মোরশেদ জানান, নগরীতে অন্যান্য ওয়ার্ডের মতো শুলকবহর ওয়ার্ডেও অনেকে শ্বাসকষ্টে আছে। করোনাকালে এলাকার কোভিড, নন কোভিড অনেক রোগীই শ্বাসকষ্টে ভুগছেন। এমনকি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরেও ভর্তি হতে পারছেন না। এমন পরিস্থিতি মোকাবেলায় আমি মানবিক তাগিদ থেকে উদ্যোগ নিয়েছি শুলকবহর ওয়ার্ডের শ্বাসকষ্টের রোগীদের বাসা থেকে হাসপাতালে ভর্তি পর্যন্ত আপদকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার। যাতে তারা স্বস্তিতে নিশ্বাস নিতে পারেন, সুস্থ হয়ে উঠতে পারেন।
কাউন্সিলর বলেন, এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে এলাকাবাসীর এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমরা চিকিৎসক, অভিজ্ঞ অপারেটর দিয়ে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করবো রোগীকে। পাশাপাশি পিপিইসহ সব সুরক্ষা মেনেই রোগীদের হাসপাতালে পৌঁছে দেবো।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ১৫ সিলিন্ডার অক্সিজেন, আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম, ৩টি অ্যাম্বুল্যান্স জোগাড় করেছি। সেবার পরিধি বাড়লে আরও সিলিন্ডার সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, কাউন্সিলর মো. মোরশেদ আলম আগামী সিটি করপোরেশন নির্বাচনে ৮নং শুলকবহর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন। করোনায় লকডাউনকাল, রমজানসহ ঈদেও নগরীর ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার কর্মহীন হতদরিদ্রের মাঝে ত্রাণসামগ্রী ও উপহারসামগ্রী বিতরণ করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের ত্রাণ বতরণেও তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












