লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ১২ ঘন্টার ব্যবধানে পিতা ও পুত্রের মৃত্যু ঘটেছে।
বুধবার (১৭ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছেলে আহসান উল্লাহ (৩৬) ও বিকেল ৩ টার দিকে বার্ধক্যজনিত রোগ ও করোনার লক্ষণ নিয়ে পিতা আবদুল কাদের (৭৮) লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
তাদের বাড়ি উপজেলার চরম্বা মজিদার পাড়া। তারা চরম্বা উপজেলার সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইনকিলাব বান্দরবান প্রতিনিধি অধ্যাপক সাদাত উল্লাহর পিতা ও ভাই।
জানা গেছে , বুধবার ভোররাত তিনটার দিকে জ্বর, সর্দি ও কাশি নিয়ে মারা যান মোহাম্মদ আহসান উল্লাহ।তিনি গত ১০-১২ দিন ধরে জ্বরে ভুগছিলেন।তার শরীরে টাইফয়েড পাওয়া গিয়েছিল। অবস্থার অবনতি হলে লোহাগাড়ার একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে চমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে তার পিতা মাওলানা আব্দুল কাদির লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। গত দুইদিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। তিনিও বিকেল ৩ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












