বাংলাধারা প্রতিবেদন »
বন্দর নগরী চট্টগ্রামে মহামারী করোনাভাইরাসের বিস্তারের শুরু থেকেই নানা সহযোগিতামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে নগরবাসীর পাশে থেকে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাছাড়া করোনা রোগীদের সেবার উদ্দেশ্যে ব্যক্তিগত উদ্যোগে নগরজুড়ে যেসব হাসপাতাল, আইসোলেশন সেন্টার তৈরি হচ্ছে সেখানেই তিনি পরিদর্শনে যাচ্ছেন এবং নানাভাবে নিজ উদ্যোগে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।
করোনা রোগীদের সেবা নিশ্চিত করার জন্য মাননীয় শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রথম দফায় এক লাখ টাকা অনুদান দেওয়ার পর, দ্বিতীয় দফায় আরো এক লাখ চল্লিশ হাজার টাকা আইসিইউ বেডের জন্য চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে উদ্যোক্তা ডাঃ বিদুৎ বড়ুয়ার কাছে হস্তান্তর করেন।
চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে আগত রোগীর চিকিৎসা দিতে যাতে কোন সমস্যা না হয়, বর্তমান পরিস্থিতি কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান অনিক।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমার বাবা বেঁচে থাকলে এই চট্টগ্রামের কঠিন পরিস্থিতিতে উনি ঝাপিয়ে পড়ে মানুষের সেবা নিশ্চিত করে যেতেন। আমার যা সামর্থ্য আছে তা দিয়ে চট্টগ্রামের মানুষের সুখ দুঃখের সঙ্গী হতে চাইছি মাত্র। আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে সারাজীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি।
উপমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র সরকার করোনা মহামারীর কারনের সৃষ্ট সংকটে প্রথম থেকে সাধারণ জনগণের পাশে আছেন। বঙ্গবন্ধু কন্যা এই সংকট নিরসনের রাত-দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, করোনার ঘোর অন্ধকারে সংকট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করে আলো ছড়াচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বাংলাধারা/এফএস/টিএম












