নওগাঁ সংবাদদাতা »
নওগাঁ মেডিকেল কলেজে করোনাভাইরাস শনাক্তে পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ।
শনিবার (২০ জুন) দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকালব্যাপি এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নওগাঁর ২৮ লাখ জনসংখ্যার কথা বিবেচনা করে তাদের সুচিকিৎসা জন্য নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল দিয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে করোনা পরীক্ষার জন্য নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকায় এখানকার জনগনের করোনার নমুনা পাঠাতে এবং রোগীকে নিবিড় পর্যবেক্ষণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। সেখান থেকে রিপোর্ট আসতে সময় লাগছে ৭-১০দিন। ফলে এখানকার জনগনের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তাই জনগণের সুচিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম এম রাসেল, জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সংগঠনের সদস্য নাইস পারভীন ও সুষমা সাথী চৌধূরী প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












