বাংলাধারা প্রতিবেদন »
মহামারি করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত বাংলাদেশ ক্রিকেট। মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল ইসলাম অপুর পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের পরিবারের চার সদস্য।
শনিবার (২০ জুন) এ তথ্যটি নিশ্চিত করেছে তামিম ইকবাল খানের পারিবারিক সূত্র।
জানা গেছে ,বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের মা নুসরাত ইকবাল, নাফিসের স্ত্রী, সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। শারীরিকভাবে সুস্থ থাকায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তারা।
আর তামিম ও তার স্ত্রী, ছেলে মেয়ে সুস্থ আছেন। তারা করোনায় আক্রান্ত হননি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।
এর আগে শনিবার (২০ জুন) দুপুরে হুট করে খবর আসে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফি। পরে মাশরাফির রিপোর্ট আসে পজিটিভ।
এরপরেই খবর আসে আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার।
উল্লেখ্য, অপুসহ তার বাবা এবং মায়েরও করোনায় আক্রান্ত ।
বাংলাধারা/এফএস/টিএম












