১৩ মার্চ ২০২৬

মিরসরাইয়ে কার চালককে পিটিয়েছে জখম; থানায় মামলা না নেয়ার অভিযোগ

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে মো. নুরুন্নবী নামে এক প্রাইভেট কার চালককে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাপাহাড় এলাকার মৃত আবদুল হাইয়ের পুত্র। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও রহস্যজনক কারণে জোরারগঞ্জ থানায় মামলা না নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী নুরুন্নবী। তবে মামলা নেয়ার বিষয়টি সত্য নয় বলে জানান থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী।

নুরুন্নবী জানান, গত ১৬ জুন সন্ধ্যায় জোরারগঞ্জ বাজারে একটি চায়ের দোকানে চা পান করছিল সে। এসময় স্থানীয় কয়েকজন উঠতি বয়সের সন্ত্রাসী তাকে জোরপূর্বক তুলে নিয়ে বেদম পিটিয়ে মারাত্মক আহত করে। পরে লোকজন উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী নুরুন্নবী বলেন, মূলত কিছু দিন আগে আমাদের গ্রামে ইয়াবা, গাঁজা সেবনের প্রতিবাদ করার জের ও অনিব নামে এক স্থানীয় বাসিন্দা আমার পৈতৃক বাড়ির জমি ক্রয়ের জন্য নানাভাবে প্রস্তাব দিলে আমি অস্বীকৃতি জানাই। এসব ঘটনার জেরে আমাকে অনিবসহ কিছু সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। হামলায় আমার দুটি দাঁত পড়ে যায় ও পুরো ঠোঁট কেটে গেছে। কিছুটা সুস্থ্য হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

এ বিষয়ে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী বলেন, নুরুন্নবী নামের এক ছেলের উপর হামলার বিষয়টি তার অভিভাবকরা আমাকে অবহিত করেছেন। তবে থানায় মামলা নেয়া, না নেয়ার বিষয়টি আমি অবগত নই।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, অভিযোগ না নেয়ার বিষয়টি সত্য নয়। এমন ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ নিয়ে আসলে অবশ্যই অভিযোগ নেয়া হতো। এখন আসতে বলেন, অভিযোগ নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ