২৯ মার্চ ২০২৬

বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা বন্ধ হচ্ছে

বাংলাধারা প্রতিবেদন »

সরকারি খরচে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা আর করা হবে না। পরীক্ষার জন্য নির্ধারিত অংকের টাকা পরিশোধ করতে হবে। ইতোমধ্যে করোনা পরীক্ষার জন্য একটি ফি চালুর ব্যবস্থা ( অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে) অনুমোদনের প্রস্তাব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগ থেকে পেশ করা হয়েছে।

করোনা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফি ধারণ করা হচ্ছে। বর্তমানে ব্যয়বহুল এ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার ফলে পরীক্ষাটির অনেক অপব্যবহার হচ্ছে। এই অপব্যবহার রোধে একটি মূল্য নির্ধারণ করে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের ভাষ্য, এখন টেস্ট দিন দিন বাড়ছে। ফলে প্রতিদিন অনেক টাকা খরচ হয়। সেজন্য সামান্য ফি নির্ধারণ করার একটা চিন্তা-ভাবনা চলছে। ইতিমধ্যেই এ সংক্রান্ত খসড়া তৈরি হয়েছে। হিসাব-নিকাশ শেষে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে এবং ঘোষণা দেয়া হবে।

চলতি বছরের গত ২১ জানুয়ারি থেকে সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা শুরু হয়। শুরুর দিকে শুধু একটি মাত্র প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হতো। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পর্যায়ক্রমে সরকারি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা শুরু হয়। বর্তমানে ৬৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে প্রতিদিন নমুনা পরীক্ষা হচ্ছে।

উল্লেখ্য গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

এরপর থেকেই দেশে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তে থাকে। গতকাল ২৬ জুন পর্যন্ত সারাদেশের ল্যাবরেটরিতে ছয় লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষার সিংহভাগই হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি প্রতিষ্ঠানে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন