বাংলাধারা প্রতিবেদন »
কিটের স্বল্পতার কারণে বন্দর নগরী চট্টগ্রামে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা অর্ধেকে নেমে আসে। ফলে চট্টগ্রামের ল্যাবগুলোতে নমুনাজটের সৃষ্টি হয়, পরীক্ষার ফল পেতে হয় বিলম্ব। এ সমস্যা সমাধানে চট্টগ্রামের চার ল্যাবে ইতোমধ্যে নয় হাজার কিট সরবরাহ করা হয়েছে। এ কিট প্রায় ১৮ দিন চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কিট পাওয়া চার ল্যাবগুলো হলো- বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি), ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব।
বিআইটিআইডি’র ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ জানান, করোনার নমুনা পরীক্ষার জন্য আমরা তিন হাজার কিট হাতে পেয়েছি।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ইনচার্জ প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিকী নতুন করে দুই হাজার কিট পেয়েছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে ২ হাজার করে কিট পাচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবের ইনচার্জ প্রফেসর মনিরুল ইসলাম ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবের ইনচার্জ ডা. আবুল কালাম।
এর আগে চট্টগ্রামে গত ২৭ জুন ৮৯০ জনের, ২৬ জুন ১০৯৩ জনের, ২৫ জুন ৯৭১ জনের, ২৪ জুন ৯৯১ জনের, ২৩ জুন ৯২৬ জনের ও ২২ জুন ১০৪৯ জনের নমুনা পরীক্ষা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












