বাংলাধারা প্রতিবেদন »
কোভিড-১৯ বা করোনাভাইরাসের নমুনা পরীক্ষা সরকারিভাবে এতদিন বিনামূল্যে করা হলেও সেটা আর বিনামূল্যে থাকছে না। কেউ নমুনা পরীক্ষা করাতে গেলে এখন থেকে পরিশোধ করতে হবে নির্ধারিত ফি।
জানা গেছে, করোনার নমুনা পরীক্ষা করানোর জন্য ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি সপ্তাহের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।
সরকারি হাসপাতাল ও বুথে গিয়ে নমুনা পরীক্ষা করালে ফি দিতে হবে ২০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করালে ৫০০ টাকা ফি দিতে হবে।
জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেন, কারো শরীরে করোনাভাইরাস আছে কি না, তা জানার জন্য আমরা এখন যে নমুনা পরীক্ষা (আরটি-পিসিআর টেস্ট) করছি, তাতে কোনো টাকা নেওয়া হয় না। তবে নমুনা পরীক্ষার ক্ষেত্রে আমরা একটি ফি নির্ধারণ করেছি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আশা করছি, চলতি সপ্তাহের মধ্যে ফি নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম












