২৯ মার্চ ২০২৬

‘অনলাইন জুয়া’র প্রতারক চক্রের ৫ সদস্য আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে খুলশী থানাধীন পশ্চিম খুলশীস্থ জালালাবাদ হাইজিং সোসাইটি এলাকা থেকে ‘অনলাইন জুয়া’র প্রতারক চক্রের মূলহুতাসহ ৫ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আটককৃতরা হলো- মো. শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০), মো. মনির আহমদ (৪০), মো. আরিফ উদ্দিন (৪০), ফয়সাল খাঁন (৩২), মো. জাবেদ মিয়া (৪০)।

এসময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, ৩টি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ১৮টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি এইট পোর্ট মডেম, ২টি ব্যাংকের চেক বই, নগদ ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাইনানি ডট কম, বাইনানি টুয়ান্টি ফোর ডট কম নামক ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো অ্যাপস ব্যবহার করে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা ‘অনলাইন জুয়া’র মাধ্যমে প্রতারণা করে আত্মসাৎকারী চক্রের ৫ (পাচঁ) জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটক মো. শাখাওয়াত হোসেন প্রকাশ শাওনকে (২০) জিজ্ঞাসাবাদে জানা যায়, সোশ্যাল অ্যাপস ‘টেলিগ্রাম’’র বাইনানি গ্রুপে যুক্ত করে অজ্ঞাত ব্যাক্তি তাকে বাইনানি ডটকম নামক ওয়েবসাইটে কাজ করার জন্য অফার করে। সে তাদের সাথে যুক্ত হয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বাইনানি ডটকম, বাইনানি টুয়ান্টি ফোর ডটকম নামক ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো অ্যাপস ব্যবহার করে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে ‘অনলাইন জুয়া’ খেলার জন্য আকৃষ্ট করে। জুয়া খেলার জন্য তারা বিভিন্ন বিকাশ/রকেট/নগদ নাম্বার ব্যবহার করে।

উক্ত বাইনানি ডটকম ওয়েবসাইটে লেনদেন করার জন্য ১নং আসামী বিকাশ/রকেট/নগদ এজেন্ট নাম্বার প্রয়োজন হলে সে বিভিন্ন এজেন্ট/ডিস্ট্রিবিউশন হাউজের এস.আর/সুপারভাইজার দের নিকট হতে টাকার বিনিময়ে অবৈধ পন্থায় বিভিন্ন সময়ে অন্যের নামে রেজিষ্ট্রেশন করা বিকাশ/নগদ/রকেট রিম সংগ্রহ করে। উক্ত বিকাশ/নগদ/রকেট নাম্বারগুলো ব্যবহার করে সে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা সংগ্রহ পূর্বক ডলারে কনভার্ট করে অজ্ঞাতনামা সহযোগীর মাধ্যমে বিটকয়েন এ রূপান্তর করে ইউক্রেনে আর্ট স্ট্রং নামক ব্যক্তির নিকট প্রেরণ করে আসছে বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন