২৯ মার্চ ২০২৬

হাউজিং সোসাইটির আবাসিক প্রকল্পের কাজের উদ্বোধন

বাংলাধারা প্রতিবেদন »

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর শহরতলীস্থ বড়দিঘীর পাড় এলাকায় সোসাইটির ৪র্থ আবাসিক প্রকল্পের মাটি ভরাট, লেভেলিং ও ড্রেসিং কাজের উদ্বোধন হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকাল ৩টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর সভাপতি আ জ ম নাছির উদ্দীন প্রকল্পের এই কাজের উদ্বোধন করেন।

এ সময় সোসাইটির ৪র্থ প্রকল্পের কাজ সুষ্ঠ, সুন্দর ও নান্দনিকভাবে গড়ে তোলে সদস্যদের মধ্যে হস্তান্তর করার নিমিত্তে এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. নুরুল আমিন।

মাটি ভরাট, লেভেলিং ও ড্রেসিং কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. ইদ্রিছ, সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ মোফাখ্খারুল ইসলাম খসরু, ব্যবস্থাপনা কমিটির সদস্য আলাউদ্দীন আলম, মো. নুরুল ইসলাম (শাহীন) ও মোহাম্মদ রাইসুল উদ্দীন (সৈকত)।

সিটি মেয়র ও সোসাইটির সভাপতি বলেন, মাটি ভরাট, লেভেলিং ও ড্রেসিং কাজের উদ্বোধনের মাধ্যমে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ৪র্থ প্রকল্পের যাত্রা শুরু। সদস্যদের দীর্ঘদিনের দাবী নতুন আবাসিক এলাকা গড়ে তুলে প্লট বরাদ্দের ব্যবস্থা করতে পেরে তিনি মহান রাব্বুল আল আমীনের কাছে শুকরিয়া প্রকাশ করেন। তিনি প্রকল্পের কাজ দ্রুত শেষ করে সোসাইটির সদস্যদের মধ্যে প্লট হস্তান্তর করারও আশা ব্যক্ত করেন।

তিনি বলেন, দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. প্রতিষ্ঠালগ্ন হতে সদস্যদের আবাসন সমস্যা নিরসনকল্পে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ক্রমান্বয়ে নাসিরাবাদ, খুলশী ও রোজভ্যালীর ন্যায় আধুনিক, মনোরম ও অভিজাত আবাসিক এলাকা প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে আবাসিক এলাকাগুলো দেশের অন্যতম সফল আবাসিক এলাকা হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। আশা করছি সোসাইটির ৪র্থ আবাসিক এলাকাটিও হবে নাসিরাবাদ, খুলশী ও রোজভ্যালীর চেয়েও আরো আধুনিক ও অভিজাত আবাসিক এলাকা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন