২৯ মার্চ ২০২৬

কক্সবাজারে ইয়াবাসহ কথিত যুবলীগ নেতা আটক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারকে ইয়াবা মুক্ত করতে চিরুনি অভিযান চালানো হবে- পুলিশ সুপার কর্তৃক এমন ঘোষণার তিনদিনের মাথায় হোটেল কক্ষে ইয়াবা সেবন ও নারী নিয়ে ফুর্তিকালে রমজানুল আলম (৪০) ওরফে রমজান সওদাগর নামে জেলা যুবলীগের এক নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তার মালিকানাধীন একটি প্রিমো ব্রান্ডের প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। হোটেল কক্ষের সেবন স্থল, তার প্যান্টের পকেট ও প্রাইভেট কারের বক্সে তল্লাশী করে মিলেছে ৮০ পিচ ইয়াবা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে কক্সবাজারের কলাতলী ‘ওয়ার্ল্ড বীচ রিসোর্টে’ এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি (অপারেশন) মো. মাসুম খান।

তবে অভিযানে লাখাধিক ইয়াবা উদ্ধারের কথা প্রচার পেলেও মাত্র ৮০ পিস ইয়াবা নিয়ে মামলা হওয়ায় নানা সমালোচনা চলছে। তদবিরের কারণে তাকে রক্ষায় এমনটি করা হয়েছে বলেও অভিযোগ সচেতন মহলের।

আটক রমজানুল আলম কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত আব্দুল গণির ছেলে। তিনি ঈদগাঁও বাজারের ইজারাদার ও অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির ‘ত্রাণ বিষয়ক সম্পাদক’ এবং জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের ব্যবসায়ীক পার্টনার।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি অপারেশন মাসুম খান বলেন, ‘কলাতলী ওয়ার্ল্ড বীচ রিসোর্টের দ্বিতীয় তলার একটি কক্ষে ইয়াবা ট্যাবলেট সেবনের পাশাপাশি পতিতা নিয়ে ফূর্তি করছে কিছু যুবক; এমন সংবাদে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে অভিযান চালায় শহরে মোবাইল ডিউটিতে থাকা পুলিশদল। অভিযান টের পেয়ে পতিতাসহ কয়েকজন পালিয়ে যায়। অন্যরা পালিয়ে গেলেও ইয়াবা সেবনকালে আটক হন রমজান। রমজানের দেহ তল্লাশি চালিয়ে প্রথমে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি মতে রিসোর্টের নিচে তার গাড়ি থেকে আরো ৫০ পিচ ইয়াবা জব্দ হয়।

তিনি আরো জানান, পুলিশের কাছে তিনি (রমজান) স্বীকার করেছে, রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন কাজ (চাকরি) করার আড়ালে ইয়াবা ট্যাবলেট পাচার ও সেবনে জড়িত রয়েছে। নিয়মিত তার ব্যক্তিগত গাড়িযোগে ইয়াবা পাচার করত রমজান।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা জীবন শেষ করেই ধার-দেনায় একটি মাইক্রোবাস কিনে কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করে রমজান। ভাড়া আশানরূপ না হলেও দিন দিন তার গাড়ির সংখ্যা আশ্চর্য্যজনক ভাবে বেড়েছে। একসময় ঈদগাঁও ছেড়ে কক্সবাজারে অবস্থান গাড়ে রমজান। মেসার্স আর.এন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্টান নিয়ে কলাতলী বাইপাস এলাকার ‘ওয়ার্ল্ড বীচ রিসোর্ট’-এ অত্যাধুনিক অফিস খুলেন। সদর যুবলীগের শীর্ষ কয়েক নেতার স্বজনদের সাথে নিয়ে কোটি টাকায় ঈদগাঁও বাজার ইজারা নিয়ে আসছিলেন রমজান। ইতোমধ্যে জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের সাথে সখ্যতা গড়েন তিনি। ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকতে তার আর.এন এন্টারপ্রাইজের চেয়ারম্যান হিসেবে সোহেলকে সংযুক্ত করেন সম্প্রতি। এর ফল হিসেবে ছাত্রজীবন থেকে এপর্যন্ত কোন দিন রাজনীতির ময়দানে না থাকলেও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির ‘ত্রাণ বিষয়ক সম্পাদক’ হিসেবে নাম গেছে রমজানের।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মূলত ইয়াবা কারবারে জড়িয়ে কাড়ি কাড়ি টাকা জমিয়েছে রমজান। তা বৈধ করতেই কোটি টাকায় ঈদগাঁও বাজার ইজারাসহ রোহিঙ্গা ক্যাম্পে কমমূল্যে উন্নয়ন কাজে টেন্ডারে অংশ নেয়। চলতি বাংলা সনেও জেলা যুবলীগ সাধারণ সম্পাদকসহ প্রায় কোটি টাকায় ঈদগাঁও বাজার ইজারা নিয়েছেন। ইজারায় ঢেলে দেয়া টাকা উঠে না আসলেও সেসব ব্যবসার আড়ালে আর.এন এন্টারপ্রাইজের সাইনবোর্ডে ইয়াবার লেনদেনই ছিল তার মূল আয়ের উৎস। যা সে নিজেই পুলিশকে স্বীকার করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আটক রমজান ব্যবসায়ীক পার্টনার এবং নিজে আর.এন এন্টারপ্রাইজের চেয়ারম্যান স্বীকার করে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল বলেন, আমার নেতৃত্বে আমাদের ফার্ম চলতি সনেও ঈদগাঁও বাজার ইজারা নিয়েছি। জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটিতে ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে রমজানের নাম দেয়া হয়েছে, তবে কমিটি এখনো অনুমোদন হয়নি বলে উল্লেখ করেন সোহেল।

কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির বলেন, রমজান একজন ইয়াবা কারবারি। তার সাথে অনেকেই জড়িত রয়েছে। আটকের পর অনেক কিছু তথ্যও পাওয়া গেছে। রমজানের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, কে কোন দল করে চলছে তা বিবেচনার বিষয় নয়। ইয়াবাসহ সব ধরণের মাদকের সাথে জড়িত বলে যাদের নাম আসবে, তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় আনা হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন