বাংলাধারা প্রতিবেদন >>
গত বছরের মত এবারও চামড়া নিয়ে বিপাকে পড়েছেন বন্দর নগরী চট্টগ্রামের মৌসুমি ব্যবসায়ীরা। পাইকারী ব্যবসায়ীরা চামড়া না কেনায় ধস নেমেছে বাজারে। ফলে চট্টগ্রামে ক্ষতিগ্রস্তরা ১৫ হাজারের বেশি চামড়া সড়কে ফেলে চলে গেছেন।
নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন আতুরার ডিপু এলাকা পর্যন্ত হাটহাজারী সড়কের দুই পাশে চামড়ার স্তুপ পড়ে থাকে।
জানা গেছে, পরবর্তীতে চামড়াগুলো তুলে ভাগাড়ে পুঁতে ফেলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্মীরা।
আতুরার ডিপো এলাকায় পারভেজ নামে এক ব্যবসায়ী জানান, তিনি ২৫০টি গরুর চামড়া কিনলেও আড়তদাররা কোনোমতেই ৫০ টাকার বেশি দিতে রাজি হচ্ছে না। কয়েকটি আড়তে ঘুরেও এর চেয়ে কেউ বেশি দাম দিতে রাজি হয়নি। এতে তার পথে বসার অবস্থা হয়েছে।
চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদাররা জানান, অনেকেই নিয়মমতো সংরক্ষণ করতে পারেনি। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় চামড়ার মানও নষ্ট হয়ে গেছে, তাই এসব চামড়া আর কেনা সম্ভব না।
সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম বলেন, উপজেলা থেকে আনা কিছু চামড়া নষ্ট হয়েছে। আড়তদারদের গাফিলতি ছিল। দেরি করেছে। দাম কম দিতে চেয়েছে বলে এসব চামড়া অনেকে বিক্রি করতে পারেনি। এ ছাড়া সুন্নিয়া আহম্মদিয়া মাদ্রাসা মাঠে প্রায় পাঁচ হাজার চামড়া নষ্ট হয়েছে। এই চামড়াগুলো আড়তদারেরা কিনে নিয়েছিলেন। কিন্তু শ্রমিকের অভাবে সঠিক সময়ে লবণ দিতে পারেনি। এভাবে প্রায় ১৫ হাজার চামড়া নষ্ট হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












