বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে কামালের সক্রিয় ভূমিকা ছিল। শেখ কামাল বেঁচে থাকলে সমাজকে অনেক কিছুই দিতে পারতো।
বুধবার (৫ আগস্ট) দুপুরে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা ও দোয়ায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।
এ সময় তিনি বলেন, শেখ কামালের যে বহুমুখী প্রতিভা ছিল তা বিকশিত হয়ে সব অঙ্গনে ভূমিকা রাখতে পারতো। সে সেটা রেখেও গেছে। রাজনৈতিক ক্ষেত্রে তার সে ভূমিকা আছে। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে প্রতিটি আন্দোলনে সে বড় ভূমিকা রেখেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দিয়ে এ আয়োজনের শুরুতে শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। কামাল আজ আমাদের মাঝে নেই। ’৭৫-এর ১৫ আগস্ট বাবা, মা, ভাই, আত্মীয়-পরিজনসহ ঘাতকের নির্মম আঘাতে সে শাহাদাত বরণ করেছে। এই আগস্ট শোকের মাস। এই মাসেই তার জন্মদিন।
ছোট ভাই সম্পর্কে শেখ হাসিনা আরও বলেন, কামাল আমার থেকে দুই বছরের ছোট। তার মেধা বহুমুখী ছিল। একদিকে যেমন ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক জগতেও তার প্রতিভা ছিল। সে অভিনয় করতো, গান গাইতো, সেতার বাজাতো। খেলাধুলায় তার সবচেয়ে বড় অবদান। ধানমন্ডিতে কোনও খেলাধুলার ব্যবস্থা ছিল না। এক্ষেত্রে সে-ই উদ্যোগ নেয়।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন–প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সভায় সভাপতিত্ব করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
বাংলাধারা/এফএস/টিএম












