২৯ মার্চ ২০২৬

চট্টগ্রামের ডিসি পেলেন শুদ্ধাচার পুরস্কার

বাংলাধারা প্রতিবেদন »  

প্রশাসনিক কাজের স্বীকৃতি হিসেবে ২০১৯-২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। 

সোমবার (১০ আগস্ট) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হয়।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০তম ব্যাচের প্রশাসন ক্যাডার মো. ইলিয়াস হোসেন ৫ মার্চ ২০১৮ সালে চট্টগ্রাম জেলার প্রশাসক হিসেবে যোগদান করেন। 

তিনি দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরের লাইফ লাইন হিসেবে খ্যাত কর্ণফুলী নদীর দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

নগরের সরকারি বেসরকারি মালিকানাধীন ১৭টি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা স্থাপনা উচ্ছেদে একাধিক অভিযান পরিচালনা করা হয় মো. ইলিয়াস হোসেনের সময়ে।

তিনি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে নানা পদক্ষেপ নেন। তিনি চট্টগ্রামের প্রায় ২৫০টি স্কুলে মিড ডে মিল চালু করেন। মিড ডে মিল চালু হওয়ার পর ৬০-৭০ টি স্কুল শিক্ষার্থী ঝরে পড়ার হার কমে ৫% এর নিচে নেমে আসে। রাউজানের সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্যদের সহায়তায় উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ হাজার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করেন তিনি।

হাটহাজারীর অজগাপাড়া মনাই ত্রিপুরা পাড়া একটি সুবিধা বঞ্চিত এলাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসকারী এ পাড়াটি প্রায় ১০০ বছর ধরে অবহেলিত থাকে। এটি জেলা প্রশাসকের নজরে আসার পর তিনি সেখানে স্কুল, সড়ক নির্মাণ, অনুদান প্রদানসহ নানা উদ্যোগ নেন। ২৪ আগস্ট জেলা প্রশাসক মো ইলিয়াস হোসেন একশ বছরের বেশি সময় ধরে অবহেলিত এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় শিক্ষা সামগ্রী, বৃত্তি বিতরণ করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন