বাংলাধারা প্রতিবেদন >>
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র আমরা রুখে দেব। যত দিন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একজন নেতাকর্মীও বেঁচে থাকবেন, ততদিন কোনোভাবেই ষড়যন্ত্রকারীরা সফল হবে না।
বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের সংসদ সদস্য নওফেল বলেন, কোনো মানুষকে হত্যা করলে তাঁর আত্মীয়স্বজনের বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু ১৫ আগস্ট সপরিবার বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান সংশোধন করে জিয়াউর রহমান খুনি ফারুক, ডালিম, রশিদ গংকে দায়মুক্তি দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে সংবিধান সংশোধন করে কোনো হত্যার বিচারের পথ কোনো দিন রোধ করা হয়নি। বাংলাদেশে জিয়াউর রহমান সে কাজটি করেছিলেন।
নওফেল বলেন, আমি আপনাদের অনুরোধ করব শোককে শক্তিকে পরিণত করে জাতির জনকের হত্যার বিচার চেয়েছিলেন যেভাবে, আজ সেভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম












