১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে জাহাজ ডুবি : নিখোঁজ ১৪ নাবিক উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

জাহাজ ডুবিতে নিখোঁজ ১৪ নাবিকের সন্ধান মিলেছে। দুর্ঘটনার প্রায় চব্বিশ ঘণ্টা পর রোববার তাদের অবস্থান নিশ্চিত হওয়ার তথ্য জানা গেছে। তারা সুস্থ আছেন এবং হাতিয়া থেকে নোয়াখালীর পথে রয়েছেন।

কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বন্দরের বহির্নোঙরের মাদার ভেসেল থেকে দুই হাজার টন আমদানি করা গম অনলোড করে ঢাকায় যাওয়ার পথে আবুল খায়ের গ্রুপের গমবাহী এমভি আখতার বানু-১ নামে লাইটার জাহাজটি সাগরের মাঝখানে ঢেউয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে গিয়ে ডুবে যায়। এতে জাহাজটির ১৩ নাবিক ও গম আমদানিকারক প্রতিষ্ঠানের সুপারভাইজার নিখোঁজ হন। এর পর থেকেই তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ছাড়া সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজও চালানো যায়নি।

ডুবে যাওয়া এমভি আখতার বানু-১ জাহাজের শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিং’-এর অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেছিলেন, ‘চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে হাতিয়া এলাকায় আমাদের একটি জাহাজ ডুবে ১৩ নাবিকসহ ১৪ জন নিখোঁজ হয়েছেন। জাহাজটিতে দুই হাজার টন আমদানীকৃত গম ছিল। জাহাজের সার্ভেয়ার ঘটনাস্থলে পাঠানো হয়।’

এদিকে, এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম বন্দর বহির্নোঙর থেকে দুই হাজার টন অপরিশোধিত চিনি নিয়ে রওনা দেওয়া অপর একটি লাইটার জাহাজ হাতিয়ার ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, সিটি গ্রুপের ওই জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে দুই হাজার টন আমদানীকৃত চিনি নিয়ে নারায়ণগঞ্জের রূপসীর দিকে যাচ্ছিল।

বিআইডব্লিউটিএর উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, সমুদ্র উত্তাল থাকায় জাহাজে পানি ঢুকে যায় এবং এতে জাহাজটি একদিকে হেলে পড়ে। ভোর ৫টার দিকে হাতিয়া চ্যানেলে প্রবেশের সময় ভাসানচরের কাছাকাছি এলে জাহাজটি ডুবে যেতে থাকে।

সে সময় ওই এলাকা দিয়ে যাওয়া অপর একটি লাইটার জাহাজ রূপসী-১ ডুবন্ত জাহাজটির কাছে যায় এবং সেটির ১২ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ