বাংলাধারা প্রতিবেদন »
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ‘ওম্যান’ শব্দের সংজ্ঞায় পরিবর্তন আনল । গতকাল রবিবার দ্য ইনডিপেনডেন্ট অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘ওম্যান’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ব্যবহার করা হয়েছে— এমন বিস্তর অভিযোগের ভিত্তিতে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তাদের সর্বশেষ সংস্করণে এ ব্যাপারে পরিবর্তন আনল।
গত বছর মারিয়া বিট্রিস জিওভানার্দি নামের এক নারী পিটিশন চালু করেন। পিটিশনে অক্সফোর্ড ডিকশনারির ‘ওম্যান’ সংজ্ঞা-প্রতিশব্দে ব্যবহৃত আপত্তিকর শব্দ বাদ দেওয়ার দাবি তোলা হয়। পিটিশনে প্রায় ৩৪ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন বলে জানা যায়।
সমালোচনার মুখে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ডিকশনারির ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে পরিবর্তন আনে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এক মুখপাত্র জানান, ব্যাপক পর্যালোচনার পরে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির হালনাগাদ সংজ্ঞায় বলা হয়েছে, ‘ওম্যান’বা একজন নারী একজনের স্ত্রী, বান্ধবী বা নারী প্রেমিকা হতে পারে।
নারীর পূর্ববর্তী সংজ্ঞায় বলা হয়েছিল, একজন পুরুষের স্ত্রী, বান্ধবী বা প্রেমিকা। নারীর প্রতিশব্দে ‘দুশ্চরিত্রা’ হিসেবেও অভিহিত করা হত। হালনাগাদ সংস্করণে আপত্তিকর শব্দ কয়েকটি বাদ দেওয়া হয়েছে।
লন্ডনভিত্তিক যোগাযোগ ও মার্কেটিং বিশেষজ্ঞ মারিয়া বিট্রিস তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই পরিবর্তনে তিনি ৮৫ শতাংশ খুশি। বাকি যে আপত্তিকর শব্দ আছে, তা বাদ দেওয়ার দাবি জানান তিনি।
বাংলাধারা/এফএস/ওএস/এআর












