২০ মার্চ ২০২৬

রোহিঙ্গা গণহত্যা: মামলা লড়তে ৫ লাখ মার্কিন ডলার দিল বাংলাদেশ

বাংলাধারা ডেস্ক  »

আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে গাম্বিয়াকে সহায়তার জন্য ওআইসির তহবিলে ৫ লাখ মার্কিন ডলার দিয়েছে বাংলাদেশ।

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)তে বাংলাদেশের প্রতিনিধি স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী বলেন,‘গাম্বিয়াকে আইনি লড়াইয়ে সহায়তা দেওয়ার জন্য আমরা ইতোমধ্যে ওআইসি তহবিলে এই অর্থ প্রদান করেছি।’

গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা এ জালো সিএফএম-এ রোহিঙ্গা মামলার সর্বশেষ আপডেট উপস্থাপন করতে গিয়ে বলেন, ‘এই আইনি মামলার জন্য আমি ওআইসি’র সদস্য দেশগুলোর কাছে জরুরি, স্বেচ্ছাপ্রণোদিত ও গুরুত্বপূর্ণ অবদানের আহ্বান জানাচ্ছি। সিএফএম-এ রোহিঙ্গা সঙ্কট মূল আলোচ্য বিষয় হিসাবে উঠে আসে।’

তিনি বলেন, মামলাটি চালাতে বিশেষ করে আইনজীবীদের অর্থ প্রদানের জন্য গাম্বিয়ার প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার দরকার। এই মামলার বাদীপক্ষে দাঁড়ানোর জন্য ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি নামকরা আইন সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছে।

গাম্বিয়ার মন্ত্রী বলেন, এই মামলাটির লক্ষ্য হচ্ছে রোহিঙ্গা সঙ্কটের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধান। তিনি সতর্ক করে দেন যে, আইসিজে’তে রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত ওআইসি’র সম্ভাব্য যাবতীয় পদক্ষেপ মামলার স্বার্থে তার দেশের সাথে সমন্বয় করে পরিচালনা করা উচিত।

ওআইসি সচিবালয়ের কর্মকর্তারা বলেন, ঢাকা ছাড়াও ওআইসি’র ৫৭ সদস্যের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও নাইজেরিয়া এপর্যন্ত আইসিজে’তে এই মামলায় গাম্বিয়াকে আর্থিক সহায়তা দিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) থেকে শুরু হওয়া ওআইসি’র দু’দিনের গুরুত্বপূর্ণ ৪৭ তম সিএফএম অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তার দেহে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তিনি তার নির্ধারিত নাইজার সফর বাতিল করতে বাধ্য হন।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ২০১৭ সালের ২৫ আগস্ট এক নির্মম সামরিক অভিযান শুরু করার পর রাখাইন রাজ্যের ১১ লাখেরও বেশি রোহিঙ্গা তাদের জন্মভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়, যাদের বেশিরভাগ বাংলাদেশের সীমান্তবর্তী কক্সবাজার জেলায় এসে আশ্রয় নেয়।

গাম্বিয়া গত বছরের নভেম্বর মাসে ওআইসি, কানাডা ও নেদারল্যান্ডসের সহায়তায় আইসিজে’তে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। ১০-১২ ডিসেম্বর আইসিজে তার প্রথম শুনানি করে।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন