বাংলাধারা প্রতিবেদন »
করোনার কারণে যাত্রী শূন্যতায় বন্ধ হয়ে গেল সদরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত ওয়াটার বাস সার্ভিস।
ওয়াটার বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক বিদেশযাত্রী। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম ও মূল শহরের বাসিন্দারা বেশি বেকায়দায় পড়েছেন।
আবার কখন থেকে এই সেবা চালু করা হবে এর কোন সম্ভাব্য সময় ক্ষণ পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রী পাওয়া গেলে পুনরায় সার্ভিসটি চালু করা হবে।
ওয়াটার বাস সার্ভিসেস প্রজেক্টের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রায় তিন মাস দেশে লকডাউন ছিল। করোনার কারণে শাহ আমানত বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তখন যাত্রীর সংখ্যা শূন্যে নেমে আসে। মূলত তখনই ওয়াটার বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়।
২০১৯ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রামের সদরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) ও এসএস ট্রেডিং এর পরিচালনায় ওয়াটার বাস চালু করা হয়। বন্দর কর্তৃপক্ষ সদরঘাট ও পতেঙ্গা দুই স্টেশনে টার্মিনাল ও জেটি সুবিধা তৈরি করে।
ওয়াটার বাসে সদরঘাট থেকে পতেঙ্গায় পৌঁছাতে সময় লাগে ২০ মিনিট। আর সড়কপথে সদরঘাট থেকে পতেঙ্গা হয়ে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা লাগে। যানজট বেশি হলে তিন থেকে চার ঘণ্টাও লেগে যায়।
ওয়াটার বাস চালু থাকাকালীন প্রতিদিন সকাল ৭টা, ৮টা, দুপুর ১২টা ১৫ মিনিট, বেলা ৩টা ও সন্ধ্যা ৭টায় পাঁচটি ওয়াটার বাস সদরঘাট থেকে ছেড়ে যেত। ফিরতি পথে সকাল সাড়ে ৮টা, বেলা সাড়ে ১১টা, বেলা ২টা ২৫ মিনিট, বিকেল সাড়ে ৪টা ও রাত ৯টা ১৫ মিনিটে পতেঙ্গা থেকে ছেড়ে আসতো। জনপ্রতি ভাড়া ছিলো ৩৫০ টাকা।
এদিকে করোনা মহামারি শিথিল হওয়ার পর ফের বিমান চলাচল শুরু হয়েছে। শাহ আমানত বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটেও বিমান চলছে।
ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘জেটিতে আমাদের ওয়াটার বাসগুলো রয়েছে। কিন্তু যাত্রীর অভাবে সেগুলো চলছে না। এখন আবার বিমান চলাচল শুরু হয়েছে। আশা করছি ফের যাত্রী হবে। তাই শিগগির ওয়াটার বাস সার্ভিস চালু করা হবে।’
বাংলাধারা/এফএস/এইচএফ/এআর












