বাংলাধারা স্পোর্টস »
বড়দিনের ছুটি কাটিয়ে ফিরেই য়্যুভেন্তাসকে জয়ের ধারায় ফেরাল সিআর সেভেন। প্রথম গোল করে পেলের ৭৫৭ গোলের রেকর্ডে ভাগ বসান এই পর্তুগিজ তারকা। তবে দ্বিতীয় গোলের পর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে টপকে ২ নম্বরে উঠে এলেন রোনালদো।
১০৩৫ ম্যাচ খেলে ৭৫৮ গোল করেছেন সিআর সেভেন। পেলে ৮২০ ম্যাচে করেছিলেন ৭৫৭ গোল। আর শীর্ষে থাকা জোসেফ বিকান করেছেন ৭৫৯ গোল, যা করতে তিনি খেলেছেন মাত্র ৪৯৫ ম্যাচ। অর্থাৎ আর ২টি গোল করলেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো।
উদিনেসের বিপক্ষে ম্যাচের ৩১ মিনিটে গোল করে পেলের রেকর্ড স্পর্শ করেন রোনালদো। আর ম্যচের ৭০ মিনিটে আরও একবার স্কোরশিটে নাম লিখিয়ে এককভাবে বনে যান ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর গোল সংখ্যা এখন ৭৫৮। এর ভেতর ক্লাব ফুটবল থেকে ৬৫৬ গোল করেছেন রোনালদো। আর জাতীয় দলের জার্সিতে ১০২টি গোল ক্রিস্টিয়ানো রোনালদোর।
এদিন ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়েছিল জুভেন্টাস, তবে ভিএআরে দেখা মেলে উদিনেস অফসাইডে গোল করে। আর তাই সে যাত্রায় রক্ষা পায় তুরিনের বুড়িরা। এরপর শুরু রোনালদো শো! ম্যাচের ৩১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। আর তাঁর করা গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জুভে।
বিরতি থেকে ফিরে ফেদেরিখো চিয়েসা গোল করে জুভেদের লিড দ্বিগুণ করেন। এই গোলের যোগানদাতাও রোনালদো। এরপর ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন ৩-০ ব্যবধানে। শেষ দিকে একটি গোল পরিশোধ করে উদিনেস, আর পরক্ষণেই পাওলো দিবালা গোল করে ব্যবধান করেন ৪-১।
শেষ পর্যন্ত রোনালদোর দুই গোল, চিয়েসা ও দিবালার একটি করে গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। এই জয়ে সিরি আ’র পাঁচে উঠে এসেছে জুভে। ১৫ ম্যাচে ১১ জয় আর চার ড্র’তে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। এক ম্যাচ কম খেলে ৭ জয় ৬ ড্র আর এক হারে ২৭ পয়েন্ট জুভেন্টাসের।
বাংলাধারা/এফএস/এআর








