১৯ মার্চ ২০২৬

প্রায় দেড় কোটি টাকার শুল্কফাঁকির চেষ্টা, আটক করলেন কাস্টমস কর্মকর্তারা

বাংলাধারা প্রতিবেদন  »

শুল্কমুক্ত কাঁচা তুলা আমদানির ঘোষণায় উচ্চ শুল্কের সোফার কাপড় আমদানির একটি চালান আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। ওই চালানে ১ কোটি ৪০ লাখ টাকার শুল্কফাঁকির অপচেষ্টা হয়েছে।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, নগরের কোতোয়ালী থানাধীন জুবিলি রোডের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইএন এন্টারপ্রাইজ চীন থেকে ৪০ ফুট দীর্ঘ ২টি কনটেইনারে ৪১ হাজার ১২০ কেজি কাঁচা তুলা ঘোষণা দিয়ে কাস্টম প্রক্রিয়া সম্পন্ন করে খালাস পর্যায়ে ডেলিভারির জন্য এসহাক ব্রাদার্স কনটেইনার ডিপোতে নিয়ে যায়। এ চালানের বিল অব এন্ট্রি নম্বর (সি-১৫০২০), তারিখ ৪ জানুয়ারি ২০২১।

বুধবার (০৬ জানুয়ারি) রাত ১১টার সময় আমদানিকারকের মনোনিত সিঅ্যান্ডএফ প্রগতি কার্গো সার্ভিসের প্রতিনিধি গোপনে কনটেইনার খুলে পণ্য ট্রাকে লোড করা অবস্থায় কাস্টমস কর্মকর্তারা পণ্য চালানটি আটক করেন। চালানটিতে শূন্য শুল্কের কাঁচা তুলার পরিবর্তে উচ্চ শুল্কের (৮৯ শতাংশ) সোফা ফেব্রিকস পাওয়া যায়। প্রাথমিক তথ্যমতে, আমদানিকারকের অসত্য ঘোষণার ফলে অনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল।

কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জানান, এ ঘটনায় আমদানিকারকের বিরুদ্ধে কর ফাঁকি ও মানি লন্ডারিং আইনে মামলা এবং সিঅ্যান্ডএফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। খবর: বাংলানিউজ

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন