কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের রামু উপজেলার বৃহত্তর গর্জনিয়া বাজারে আগুনে পুড়ে গেছে বড় রাইচমিলসহ ১১ টি দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ৩ কোটি টাকার উপরে।
সোমবার (১১ জানুয়ারী ) দিনগত রাত দুইটার দিকে আবু তাহের কোম্পানীর রাইচমিলের বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বাজারের ব্যবসায়ী এইচ আর সোহেল জানান, তাহের কোম্পানীর রাইচমিল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তে আশ-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াইটার দিকে এসে আগুন নেভাতে শুরু করে। তাদের সাথে যোগদেন সাধারণ মানুষ, পুলিশও। সবার যৌথ প্রচেষ্টায় ঘন্টা খানেক সময়ে নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে বাজারের বড় রাইচমিলসহ ১১টি দোকান পুড়ে যায়।
গর্জনিয়া বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা, রামু সহকারী কমিশনার (ভূমি) সরোওয়ার উদ্দিন, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক ফরহাদ আলী, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতা-কর্মীরা।
রামুর ইউএনও প্রণয় চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করার চেষ্টা চলছে। তবে, অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যথা সম্ভব ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত, গত বছরের একইদিনে একই সময়ে, আবারও গর্জনিয়া বাজারে ভয়াবাহ অগ্নিকান্ডে বেশ কয়টি দোকান পুড়ে যায়। এসময় আগুনে পুড়ে দুজন মারা গিয়েছিলেন।
বাংলাধারা/এফএস/এআর












