বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন উত্তাপ বাড়ছে ভোটের মাঠে। ভোটের উত্তাপ, নিন্দা ও অসংগতিকে ডিঙিয়ে নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী আবদুস সবুর লিটন উন্নয়ন ও শান্তির বার্তা নিয়ে তৃণমূলের দ্বারপ্রান্তে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
এসময় রামপুর ওয়ার্ডে ভিন্নপ্রার্থীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘটনা প্রবাহকে ঘৃণিত বলে তিনি অভিমত প্রকাশ করেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল হতে দিনব্যাপী চলা তার জনমুখী গণসংযোগটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রদক্ষিণ করে। গণসংযোগ চলাকালে তৃণমূলের ওয়ার্ডবাসী ও সর্বস্তরের সতস্ফুর্ত অংশগ্রহনে গণসংযোগ স্থল জমজমাট হয়ে উঠে।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় স্থানীয়দের উদ্দেশ্যে রাখা বক্তব্যে আবদুস সবুর লিটন বলেন, আপনাদের কাছে অনুরোধ রইল চসিক নির্বাচনে যদি কেউ অশান্তি তৈরী করতে চায়, যদি সন্ত্রাস নৈরাজ্যের পথে হাঁটতে চায় তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। নৌকা প্রতীকের শান্তিপ্রিয় কর্মী সমর্থক আগামী ২৭ তারিখ সারাদিন নির্বাচনী বিধি মেনে কেন্দ্রের অদূরে অবস্থান নিয়ে থাকবেন। কেউ যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে খেয়াল রাখবেন।

ভোটারদের উদ্যেশে তিনি বলেন, সকলেই ভোট কেন্দ্রে আসবেন স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে রেজাউল ভাইকে এবং টিফিন ক্যারিয়ার মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
গণমানুষের অংশগ্রহণে চলমান গণসংযোগে সকল দলমতের মানুষ আবদুস সবুর লিটনের পক্ষে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সেই সাথে আগামী দিনে ওয়ার্ড গুলোকে উন্নয়ন কাঠামোতে সাজাবার ব্যাপারে এলাকাবাসী জোর দাবি জানান।

গণসংযোগ চলাকালে হিন্দু সম্প্রদায়ের লোকজন আবদুস সবুর লিটনকে পূর্ণ সমর্থনসহ ভালোবাসায় সিক্ত করেন। তারা হিন্দু-মুসলমান একসাথে মেলবন্ধনে আগামী দিনে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হন। সচেতন মহল মনে করে হিন্দু-মুসলমান সহ সকল জাতি-ধর্ম-বর্ণের মানুষ মিলে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করতে পারলেই আগামী দিনে একটি বাসযোগ্য আধুনিক ওয়ার্ড বিনির্মাণ সম্ভব।
বাংলাধারা/এফএস/এআর












