আরিফুল ইসলাম রিফাত »
সুবল জলদাশ (৪০) পেশায় একজন মাছ বিক্রেতা।নিম্ন আয়ের এ ব্যক্তি পরিবার নিয়ে একটু খোলামেলাভাবে বসবাস করার জন্য বাড়ির পাশে অন্য একটি জায়গা কেনার জন্য প্রস্তুতি নেন।এজন্য ব্যাংক এবং আত্মীয়স্বজন থেকে মোট ৪ লাখ টাকা ধারও নেন।সবকিছু ঠিকঠাক ছিলো আগামী বুধবার জায়গাটারও রেজিষ্ট্রি হওয়ার কথা ছিলো।কিন্তু গত সোমবার রাতে ঘটে যায় অনাকাঙ্খিত এক দূর্ঘটনা।তার বাড়িতে থাকা ৪ লাখ টাকাসহ আরও ১০ টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া জলদাশ পাড়ার মৃত হরিমন জলদাশের পুত্র।গত সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তার বসতঘর সহ পাশ্ববর্তী ১০টি বাড়ি মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তুপগুলো দেখে কান্নায় ভেঙে পড়ছেন ক্ষতিগ্রস্তরা।একপাশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সুবল জলদাশ।
তিনি বলেন, আমি জায়গা কেনার জন্য গত কয়েকদিন আগে গ্রামীণ ব্যাংক থেকে দেড় লাখ টাকা ঋণ, আমার শালার কাছ থেকে দেড় লাখ টাকা এবং আমার দু’বোন থেকে এক লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা ধার নিই।এবং জায়গাটি আগামী বুধবার রেজিষ্ট্রি হওয়ার কথা ছিলো।কিন্তু গত সোমবার বাড়িতে আগুন লেগেছে। তখন টাকাগুলো বাড়িতেই ছিলো। এসময় টাকাগুলো বের করার সুযোগও ছিলনা।এসব কিছু হারিয়ে আমি এখন নিঃস্ব।
বাংলাধারা/এফএস/এইচএফ












