স্পোর্টস ডেস্ক »
নতুন বছরে নতুন শুরু টাইগারদের করোনা পরবর্তী ক্রিকেটের। করোনায় দীর্ঘ ১০ মাস পর খেলতে নেমে দুর্দান্ত ক্রিকেটে ফিরল টাইগাররা। ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে যেমন সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে দুর্দান্ত জয় পেল স্বাগতিক বাংলাদেশ। তেমনি কাণ্ডারি তামিম ইকবালের শুরুটাও ছিল দারুণ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৬ উইকেটের জয়ের মধ্য দিয়ে ১-০তে এগিয়ে গেল তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলায়।
তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে আগামী সোমবার, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের শেষ টেস্ট ম্যাচ হবে মিরপুরে।
বুধবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অতিথিদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।
টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ৩২.২ ওভারেই অলআউট হয়ে যায়। বাংলাদেশের সামনে দিতে পারে ১২৩ রানের লক্ষ্য। ওই লক্ষ্য ৩৩.৫ ওভারে ছুঁয়ে ফেলে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১৯ ও মাহমুদুল্লাহ ৯ রানের হার না মানা ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। এর আগে ওপেনার তামিম ৬৯ বলে ৭ চারে দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। সাকিবের ব্যাট থেকে আসে ৪৩ বলে ১৯ রান।
ক্যারিবীয়দের থেকে অল্প রানের লক্ষ্য পেলেও মিরপুরের উইকেটে রান তোলা সহজ ছিল না। তামিম-সাকিবরা সেটা ভালো মতোই টের পেয়েছেন। স্পিন সহায়ক ওই উইকেটে আরও বেশি কাবু হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দলের নিয়মিত ক্রিকেটাররা না আসায় অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেওয়ার কাজটা শুরু করেন মুস্তাফিজুর রহমান। শেষ করেন সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।
শুরুতে দুই ক্যারিবীয় ওপেনারকে তুলে নেন পেসার মুস্তাফিজুর রহমান। এরপর বাঁ-হাতের ঘূর্ণি দেখান সাকিব। করেন ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং। একে একে ফেরার ম্যাককার্টি, জেসন মোহাম্মদ এবং বোনারদের। তার ঘূর্ণি বুঝে উঠতে না পেরে কেউ বোল্ড হয়েছেন। কেউ স্টাম্পিং। মাত্র ৭.২ ওভার হাত ঘুরিয়ে ৮ রান খরচায় দেশসেরা ক্রিকেটার সাকিব তাই তুলে নেন ৪ উইকেট। এছাড়া অভিষিক্ত পেসার হাসান মাহমুদ দখল করেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৩২.২ ওভারে ১২২/১০ (কাইল মায়ার্স ৪০, রোভমন পাওয়েল ২৮; সাকিব ৪/৮, হাসান মাহমুদ ৩/২৮, মোস্তাফিজ ২/২০)।
বাংলাদেশ: ৩৩.৫ ওভারে ১২৫/৪ (তামিম ৪৪, মুশফিক ১৯*, সাকিব ১৯, লিটন ১৪, মাহমুদউল্লাহ ৯*)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)।
বাংলাধারা/এফএস/এইচএফ








