বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ঝমকালো আয়োজনে উদ্বোধনের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করে পশ্চিম গোমদন্ডী একাদশ বনাম চরণদ্বীপ একাদশ। শ্বাসরুদ্ধকর লড়াই করে পশ্চিম গোমদণ্ডী একাদশ বিজয় অর্জন করেছে।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় পশ্চিম গোমদণ্ডী ফুটবল একাদশ ট্রাইব্রেকারে চরণদ্বীপ ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে গড়ায় খেলা।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফরহাদ হোসেন চৌধুরী, সহকারী হিসেবে ছিলেন শাহাদুল হক ও আশাদুল ইসলাম টিপু।
উদ্বোধনী খেলায় বিজয়ের মাধ্যমে এ গ্রুপের পশ্চিম গোমদণ্ডী ২ পয়েন্ট পেয়ে এগিয়ে থাকলো। এছাড়া চরণদ্বীপ ফুটবল একাদশ ১ পয়েন্ট পেয়েছে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পশ্চিম গোমদন্ডী একাদশের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় মো. জোনায়েদ।
টুর্নামেন্টের পরবর্তী খেলা ২৪ জানুয়ারি রবিবার বিকেলে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বীতা করবে বি গ্রুপের পশ্চিম কধুরখীল ফুটবল একাদশ বনাম আহলা কড়লডেঙ্গা ফুটবল একাদশ।
এর আগে বিকেল ৪টায় বেলুন উড়িয়ে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ। টুর্নামেন্টের মহাসচিব এস.এম.শহীদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্টের চেয়ারম্যান আছিয়া খাতুন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার ক্রীড়াপ্রেমী জনতা খেলা উপভোগ করেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি মোছলেম উদ্দিন বলেন, এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ মিলন মেলায় পরিণত হয়েছে বোয়ালখালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।
বাংলাধারা/এফএস/এইচএফ












