২৮ মার্চ ২০২৬

আলীকদমে বন্য হাতির আক্রমণে ২ জন নিহত

বাংলাধারা প্রতিবেদন »

বান্দরবানের আলীকদম উপজেলায় বন্য হাতির আক্রমণে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান মনছুর আলম (১৭)। খবর পেয়ে স্থানীয়রা আগুন ও লাঠিসোটা নিয়ে ধাওয়া করে হাতিদের তাড়াতে সক্ষম হয়। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান হুমায়ুন কবীর (১৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রেপারপাড়া এলাকায় বন্য হাতির দল তাণ্ডব চালায়, ফসলি জমি ও কয়েকটি ঘরবাড়ি ভেঙে ফেলে।

আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে বন্য হাতির দল প্রায় সময় আলীকদম, নাইক্ষ্যংছড়ি, লামা, বান্দরবান সদর উপজেলা হয়ে চট্টগ্রামের পাশ্ববর্তী উপজেলাগুলোর পাহাড়ি অঞ্চলে চলাফেরা করে। তবে আলীকদমে হাতির আক্রমণে বহুদিন পর মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার মধ্যরাতে বন্য হাতির দল জমির ফসল নষ্ট করলে স্থানীয়রা আগুনের মশাল, লাঠিসোটা নিয়ে হাতিদের তাড়ানোর চেষ্টা করে। এ সময় হাতির ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পায়ের নিচে পিষ্ট হয় দুজন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উদ্দিন জানান, বন্য হাতির আক্রমণে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ