বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিনের বাসা ও নির্বাচনী ক্যাম্পে গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা ও কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৬/৭ গুলির খোসা উদ্ধার করে।
কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বাসায় ও নির্বাচনী ক্যাম্পে গুলি করে পালিয়ে গেছে। এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিপক্ষ এ কাজ করতে পারে বলেও জানান তিনি।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বাংলাধারা/এফএস/এআর








