সাদমান সময় »
ছয় ঋতুর দেশ বাংলাদেশ। আর ঋতুর রাজা বসন্ত। এখনো বসন্ত আসেনি। মাঘের শুরুতেই ফলের রাজা আমের মুকুল ফুটেছে গাছে গাছে।
ঋতু রাজ বসন্তের আগেই মিরসরাই উপজেলায় আমের মুকুল জানান দিচ্ছে মধু মাসের আগমনী বার্তা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে সর্বত্র আম গাছগুলো মুকুলে ভরে গেছে। ধারণ করেছে হলুদ রং। আমের মুকুলে ছেয়ে যাচ্ছে গাছের প্রতিটি ডাল। সৌন্দর্য বাড়তে শুরু করেছে প্রকৃতিতে।
স্থানীয়রা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে বসন্তের আগেই আম গাছে মুকুল আসতে শুরু করেছে। তবে মাঘের শেষেই প্রতিটি গাছে পুরোপুরিভাবে মুকুল ফুটবে। তারা আরো জানান, মিরসরাইয়ে বাণিজ্যিকভাবে আমের চাষ না হলেও স্থানীয়রা বিভিন্ন হাট-বাজার থেকে বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করে বাড়ির আঙিনায় রোপণ করে থাকেন।
জানা যায়, আমের মুকুলের প্রধান শত্রু কুয়াশা। কুয়াশার কারণে আমের মুকুল নষ্ট হয়ে যায়। তবে আমের মুকুলের জন্য আগে-পরে যে আবহাওয়া প্রয়োজনীয়তা এখনো বিরাজমান রয়েছে।
মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রঘু নাথ নাহা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে বাড়ির আঙিনায় আম চাষ করা হয়।এবার ভালো আবহাওয়ার কারণে আম গাছে আগাম মুকুল এসেছে। ভালোভাবে পরিচর্যা করা হলে ফলন ভালো হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, এ বছর উপজেলায় বাণিজ্যিকভাবে আম চাষ করা হয়েছে। জোরাগঞ্জ ইউনিয়নের স্থানীয় মাসুদের ২ হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে। আগামী দুই-এক বছরে ভালো ফলন হবে বলে আশা করি। বাণিজ্যিকভাবে আম চাষ করার বিষয়ে কোনো চাষি আগ্রহ প্রকাশ করলে কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাধারা/এফএস/এইচএফ














