১৯ মার্চ ২০২৬

চসিক নির্বাচনে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সামনে রেখে নগরে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মোট ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছেন।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে বিজিবির গাড়ি নগরের বিভিন্ন এলাকায় কার্যক্রম শুরু করে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মেট্রো) সুমনী রহমান বলেন, নির্বাচন কমিশন থেকে জারি হওয়া পরিপত্র অনুযায়ী সোমবার বিকেল থেকে শহরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে বিজিবি সদস্যরা রিটার্নিং অফিসারের কার্যালয় এবং জেলা প্রশাসনে রিপোর্ট করে টহল দিতে শুরু করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের তত্ত্বাবধান করবেন। তারা নির্বাচনের পরদিন পর্যন্ত বিজিবি নগরীতে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, চসিক নির্বাচনে আগামী বুধবার (২৭ জানুয়ারি)। আচরণবিধি অনুযায়ী আজ সোমবার মধ্যরাতের পর করা যাবে না কোনো ধরনের প্রচার-প্রচারণা।

করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় ১০ মাস পিছিয়ে আগামী বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগ ও বিএনপিসহ কয়েকটি দলের নেতারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের অনুসারীদের সংঘর্ষে দুইজনের প্রাণহানিও ঘটেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন