বাংলাধারা প্রতিবেদন »
সিটি করপোরেশন নির্বাচনে উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম জসিমকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় তার সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উত্তর পাহাড়তলীর বিশ্ব ব্যাংক কলোনিতে এ ঘটনা ঘটে। এর আগে বিশ্ব কলোনির পি-ব্লক কোয়াক স্কুল ভোট কেন্দ্রের দখল নিতে গিয়ে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে ৯ নং এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবছার মিয়া এবং বিদ্রোহী প্রার্থী সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবছার মিয়ার সমর্থকরা ভোটকেন্দ্রটির দখল নিতে এলে সংঘর্ষের শুরু হয় বলে জানা গেছে। এ সময় জসিমের অনুসারী হাসান নামে এক যুবক গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরে বেলা আড়াইটার দিকে জহুরুল আলম জসিমের অনুসারীরা পাল্টা গুলি চালালে আবছার মিয়ার অনুসারীরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে সরে যায়।
বিকাল তিনটা পর্যন্ত কোয়াক স্কুল ভোট কেন্দ্রের পেছনের পাহাড়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় হচ্ছিল।
বাংলাধারা/এফএস/এআর












