১৯ মার্চ ২০২৬

এবার চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছেন ১২১৪৩ শিক্ষার্থী

বাংলাধারা প্রতিবেদন  »

করোনা ভাইরাসের কারণে পরীক্ষা গ্রহণ ছাড়াই উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। অটোপাসের ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২১৪৩ জন।

শনিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

২০২০ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭ হাজার ৯৬৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন।

ওই বছরের ১ এপ্রিল থেকে এসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২২ মার্চ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার।

৭ অক্টোবর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। পরীক্ষার্থীদের জেএসসি-জেডিসি এবং এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের ওপর মূল্যায়ন করে এইচএসসির গ্রেড নম্বর নির্ধারণ করা হবে বলে জানান।

শনিবার (৩০ জানুয়ারি) সারাদেশে একসঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সবাইকে অটোপাস দেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন