বাংলাধারা প্রতিবেদন »
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর বিজয় চট্টগ্রামে আওয়ামী ঐক্যের প্রতিফলন।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে রেজাউল করিম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নন্দনকাননস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এই মন্তব্য করেন।
রেজাউল করিম চৌধুরীকে অভিনন্দন জানান সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এসময় রেজাউল করিম চৌধুরী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বিজয়মাল্য পরিয়ে দেন।
সাবেক এ মন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে নৌকার এ বিজয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নৌকা ও শেখ হাসিনার প্রশ্নে চট্টগ্রামের আওয়ামী লীগের সুদৃঢ় ঐক্যের প্রতিফলন ঘটেছে। আবারও প্রমাণ হল চট্টগ্রামের মানুষ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির উপর আস্থাশীল। প্রমানিত হল, জনকল্যানমূখী রাজনৈতিক দল হিসেবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয়কে কেউ ঠেকাতে পারে না।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিফুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআর








