বাংলাধারা প্রতিবেদন »
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ এক টনের বেশি চোলাই মদ উদ্ধার করেছে। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) ভোরে কাপ্তাই রাস্তার মাথা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ আলমগীর (২৪), মোহাম্মদ হোসেন (২০) ও মোহাম্মদ দেলোয়ার (২৪)।
গ্রেপ্তার আলমগীর চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানাধীন বাদামতল ফকিরনির হাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মোহাম্মদ হোসেন একই থানার দৌলতপুর ফাজিলহাট এলাকার মৃত মোহাম্মদ ইসহাকের ছেলে। মোহাম্মদ দেলোয়ার একই থানার একই এলাকার মৃত মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
পুলিশ জানান, চোলাই মদের বড় একটি চালান রাঙ্গামাটি থেকে দক্ষিণ চট্টগ্রামের দিকে যাওয়ার গোপন সংবাদ পায় পুলিশ। সংবাদ পেয়ে শনিবার ভোরে নগর পুলিশের সহকারী কমিশনার শহীদুল্লাহ্’র নেতৃত্বে পুলিশের টিম কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা চালায়।
এক পর্যায়ে ট্রাকটি ধাওয়া দিয়ে আটক করে পুলিশ। এসময় ট্রাকটিকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও ওই ট্রাক আরোহী চালকসহ তিনজন ধরা পড়ে পুলিশের জালে। এরপর ওই ট্রাকে তল্লাশি চালিয়ে এক হাজার ২০ লিটার বা এক টনের বেশি চোলাই মদ উদ্ধার করে পুলিশ৷
চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দক্ষিণ চট্টগ্রামে পাচারের উদ্দেশ্য এসব মদ তারা রাঙ্গামাটি এনেছিলেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর






