খালেদ মনছুর »
আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে খাস জমির মাটি অবৈধ ইটভাটায় পাচার করা হলেও প্রশাসন নির্বিকার রয়েছে। সরকার ফসলি জমির মাটি কাটা নিষিদ্ধ করেছে। ফলে মাটি খেকোদের নজর এখন খাস জমির দিকে। দিনের বদলে এখন মাটি কাটছে রাতে।
সোমবার (০১ ফেব্রুয়ারি) রাতে বটতলী ইউনিয়নের আইর মঙ্গল এলাকার একটি খালের পাড়ের খাস জমি থেকে মাটি কেটে ইটভাটায় পাচার করছে একটি চক্র এমন সংবাদ পায় স্থানীয় কয়েকজন সাংবাদিক। বিষয়টি দ্রুত সহকারি কমিশনার ভূমিকে (এসি ল্যান্ড) জানানো হলে তিনি বলেন, ‘আমি ইউএনও স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নেব’।
পরে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার সত্যতা পেয়ে ভূমি সহকারি কমিশনার তানভীর হাসানের সাথে যোগাযোগ করলে তিনি কাজের ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
ভূমি সহকারি কমিশনারের কাছে কোন প্রতিকার না পেয়ে সাংবাদিকরা পাশ্ববর্তী পুলিশ ফাঁড়ির টহল পুলিশকে জানালে পুলিশসহ মাটি কাটার স্থানে গেলে স্কেভেটর ও দুটি ট্রাক ফেলে মাটি পাচারকারী লোকজন পালিয়ে য়ায়। এসময় পুলিশ স্কেভেটরের এক হেলপারকে আটক করলেও মোহছেন আউলিয়া ব্রিকসের মালিক হারুন এসে তাকে ছাড়িয়ে নিয়ে য়ায়।
পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশ সদস্যরা বিষয়টি আনোয়ারা থানার ওসিকে জানালে তিনি দুটি ট্রাকের মধ্যে মাটি ভর্তি একটি ট্রাক থানায় নিয়ে আসেন। ট্রাকটি এখনো থানায় আটক রয়েছে।
এদিকে মোহছেন আউলিয়া ব্রিকসের মালিক মো. হারুন খাস জমির কথা অস্বীকার করে বলেন, এটি মালিকানা জায়গা। আমরা মাটি কিনে নিয়েছি।।তবে বারবার ফোন করেও জমির মালিককে ঘটনাস্থলে নিতে পারেননি হারুন। পরে গভীর রাতে থানায় এসে আটক ট্রাকটি ছাড়িয়ে নিতে অনেক তদবির করেন বলেও জানা যায়।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ মাটি ভর্তি একটি ট্রাক থানায় নিয়ে আসে। ইউএনও স্যারের নির্দেশনা মতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মমকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, মাটি ভর্তি ট্রাকটি থানায় আটক আছে। লোকজন আটক না থাকায় মোবাইল কোর্ট করা সম্ভব নয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাধারা/এফএস/এইচএফ













