১৯ মার্চ ২০২৬

শেষ মুহূর্তে আইপিএলের নিলামে মুশফিক

বাংলাধারা স্পোর্টস  »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে নাম তুলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিলামের আগে উইকেটরক্ষক ক্যাটাগরিতে চড়া ভিত্তিমূল্যে শোভা পাচ্ছে তার নাম।

এর আগে নিলামের জন্য যে কয়জন বাংলাদেশি নাম নিবন্ধন করেছিলেন সেখানে ছিলেন না মুশফিক। নিলামের জন্য চূড়ান্ত তালিকায় যে ৪ বাংলাদেশিকে বেছে নেওয়া হয়, মুশফিকের নাম ছিল না সেখানেও। তবে শেষমুহুর্তে এসে অন্তর্ভুক্ত করা হয়েছে মুশফিকের নাম।

নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। উইকেটরক্ষকদের মধ্যে মুশফিকের চেয়ে বেশি ভিত্তিমূল্য আছে শুধু স্যাম বিলিংসের, ২ কোটি রুপি।

মুশফিক ছাড়াও নিলামে আছেন আরও ৪ জন বাংলাদেশি। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে সাকিব ২ কোটি, মুস্তাফিজ ১ কোটি, রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়। নিলামে নাম লেখানো ক্রিকেটারদের বড় অংশই অবশ্য দল পাবেন না। যদি প্রতি দলে ২৫ জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়, তাহলে নিলাম থেকে দল পাবেন ৬১ জন ক্রিকেটার।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন