কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ায় সাম্প্রতিক কয়েকটি দূর্ঘটনায় হেলমেট বিহীন মোটরসাইকেল চালক নিহতের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। আজ (১৮ ফেব্রুয়ারি) হতে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন উখিয়া উপজেলা নির্বাহী নিজাম উদ্দিন আহমেদ।
উখিয়া উপজেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন।
ইউএনও বলেছেন, প্রধান সড়কে হেলমেট বিহীন মোটর সাইকেল সম্পূর্ণরূপে চলাচল বন্ধ থাকবে। এ-ই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যতই প্রভাবশালী হোক না কেন এক্ষেত্রে কাউকে বিন্দু পরিমাণও ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী প্রধান অতিথি ছিলেন। এতে সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মুর্শেদ, উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আদিল চৌধুরী, রত্না পালং ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া মুক্তিযোদ্বা কমান্ডার পরিমল বড়ুয়া,অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, রাজা পালং ইউনিয়ন পরিষদের মেম্বার সালাহউদ্দিন ও মেধু বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় ইউএনও নিজাম উদ্দিন আহমদ আরো বলেন অবৈধ ডাম্পার, সী-লাইন, টমটমের বিরুদ্ধে এবং অপ্রাপ্ত বয়স্ক চালক, লাইসেন্স বিহীন ড্রাইভার ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলছে-চলবে এবং ভবিষ্যতে ট্রান্সফোর্স-এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। যাতে গাড়ীর মালিকসহ কেউ রক্ষা না পান।
বাংলাধারা/এফএস/এআর












