বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম কাস্টম হাউসের ভেতরে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশায় বিদেশি মদসহ দুইজনকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। প্রাইভেট কারটিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মনোগ্রামযুক্ত ‘ইমার্জেন্সি পাইলট ডিউটি’ লেখা এবং ভেতরে বন্দরের ওয়াকিটকি সংযুক্ত ছিল।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটক দুইজন হলেন গাড়িচালক মন্টু চন্দ্র দাশ ও সিএনজি অটোচালক মো. মাসুদ রানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ২০৯টি ৫০০ মিলিলিটারের হ্যানিক্যান বিয়ার, ২৪টি ১০০০ মিলিলিটারের পাসপোর্ট স্কচ ও ৭টি ব্যালেনটাইনস ফাইনেস্ট ব্লেন্ডেড স্কচ হুইস্কি উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে ওই প্রাইভেট কারের মাধ্যমে মদ পাচার করে কাস্টম হাউসের ভেতরে সিএনজি অটোরিকশায় তোলা হয়েছে।
আটক মদ, গাড়ি ও দুই চালককে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।
বাংলাধারা/এফএস/এআর












