আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী আশরাফ উদ্দীন চৌধুরী (১৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্দন করেছে তার সহপাঠী ও সহকর্মীরা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এই বিক্ষোভ শেষে আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ছৈয়দ ওমরের কাছে স্মারকলিপি তুলে দেয়।
গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের জয়কালী হাট এলাকার মা কমিউনিটি সেন্টারের সামনে আশরাফকে ছুরিকাঘাত করে কয়েকজন। পরে পাঁচজনকে আসামী করে থানায় মামলা হলেও এখনো কোনো আসামী গ্রেপ্তার হয়নি। পাঁচদিন পরও হত্যাকান্ডে জড়িত কেউ গ্রেফতার না হওয়ায় আশরাফ উদ্দিনের পরিবারের সদস্য ও সহপাঠীরা ক্ষোভ জানিয়েছেন।

আশরাফ উদ্দিনের সহপাঠী আসিফুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, রুবেল উদ্দিন, সাঈম সাকিব, ইফতেখার রিয়াদ, সায়েবুল মিজবা, সালমান, ওয়ালিদ হাসান, আতিফ আসলাম হৃদয়, হাসনাইন ইজাজ, মুজাহিদুল ইসলাম মিনার, আকিফুল ইসলাম, জিহাদুল ইসলাম, ফাহিম, ইমরান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, আশরাফ উদ্দিনের সহপাঠীদের দেওয়া একটি স্মরকলিপি পেয়েছি। এ ঘটনায় আমি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদেও সাথে কথা বলেছি। পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
বাংলাধারা/এফএস/এআর












