১৯ মার্চ ২০২৬

জামিনে মুক্ত ‘মাছ কাদের’

বাংলাধারা প্রতিবেদন  »

নগরে নির্বাচনি সংঘাতে একজন নিহতের মামলায় কারাগারে যাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদের ওরফে মাছ কাদের কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আব্দুল কাদেরকে মুক্তি দেওয়া হয় বলে জানা যায়।

গত ১৪ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আব্দুল কাদের। এ সংক্রান্ত কাগজপত্র আজকে কারাগারে পৌঁছার পর তাকে মুক্তি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাতে নগরের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় ২৮নং পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) নামে একজন নিহত এবং অপর একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় নিহতের ছেলে সেজান মাহমুদ সেতু বাদী হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরসহ ১৩ জনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।

ঘটনার রাতেই মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে কাদেরসহ অন্তত ২৫ জনকে আটক করে মনসুরাবাদ পুলিশ লাইনের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।

পরে আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে কাদেরসহ ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের মধ্যে ছয়জনের নাম আছে মামলার এজাহারে।

আটকের পরদিন গত ১৩ জানুয়ারি কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরসহ ওই ১১ জনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন বিচারক। এরপর ১৯ জানুয়ারি আব্দুল কাদেরসহ তিনজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে পায় পুলিশ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন