২৫ সেপ্টেম্বর ২০২৬

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্ত পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরোও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার (৩ মার্চ) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়শা এই আদেশ দেন।

দণ্ডিত শামশুল আলম (৪৫) রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ধলিরছড়া মুরাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ।

‌‌আদালত সূত্রমতে, ২০১৮ সালের ২৮ জুন আসামীর নিজ ঘরে স্ত্রী না থাকার সুযোগে রাত সাড়ে ১১ টায় নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে ১৪ বছরের এই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

এই ঘটনায় ২০১৮ সালের ৬ জুলাই ধর্ষিতার মা রাজিয়া বেগম বাদি হয়ে স্বামী শামশুল আলমের বিরুদ্ধে রামু থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পরবর্তী ২০১৯ সালের ১৪ মে এ মামলার অভিযোগ গঠন হয়। ওই ঘটনায় ৯ জনের স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে আদালত। এতে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা বলেন, রাষ্ট্র পক্ষে মোট ৯ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে। এতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।

তিনি আরোও বলেন, দ্রুত সময়ের মধ্যে ভিকটিমের পক্ষে ন্যায় বিচার নিশ্চিত করতে পারায় রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট। একই সাথে এ রায়ে ভিকটিমও সন্তুষ্টি প্রকাশ করেছেন। রায়ে প্রদানকালে আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন পিপি এডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন