বাংলাধারা প্রতিবেদন »
আগামী ১ এপ্রিল থেকে সব ট্রেনে ৫০ ভাগ যাত্রী পরিবহন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। করোনার প্রাদুর্ভাব ফের বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ (৩০ মার্চ) বাংলাদেশ রেলওয়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ায় যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রতিটি ট্রেনের ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে। যার ২৫ ভাগ কাউন্টারে এবং ২৫ ভাগ অনলাইনে বিক্রি করা হবে। আসনবিহীন কোনো টিকিট থাকবে না।’
এ কারণে অযথা কাউন্টারে ভীড় না করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়েছে, এ ছাড়া, যাত্রীদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।
বাংলাধারা/এফএস/এআর












