বাংলাধারা প্রতিবেদন »
নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার গোয়াল পাড়া এলাকায় প্রেমজনিত কারণে পরিবারের সাথে ঝগড়া করে রোজিনা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
শনিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রোজিনা ওই এলাকার মো. হানিফের মেয়ে।
পুলিশ সূত্র জানায়, রাহাত নামের এক যুবকের সাথে রোজিনার প্রেমের সম্পর্ক ছিল। পরে হৃদয় নামের আরেক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন রোজিনা। এ নিয়ে পরিবারের সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে সবার অজান্তে শনিবার দুপুরে নিজের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রে জানা যায়, ‘পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি রাহাত ও হৃদয় নামের দু’জনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই কিশোরী। পরে এ নিয়ে বাধা দেয় পরিবার। এক পর্যায়ে অভিযান করে আত্মহত্যা করেছে বলে দাবি করছে কিশোরীর পরিবার।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘গোয়ালপাড়ায় এক কিশোরীর আত্মহত্যার খবর পেয়েছি। সেখানে আমাদের টিম গিয়েছে। তদন্ত সাপেক্ষে সবকিছু বলা যাবে।’
পরিবারের বরাতে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চমেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিকে মৃত ঘোষণা করেন।’
বাংলাধারা/এফএস/এআই












