১৯ মার্চ ২০২৬

লালখানবাজারে রাতের আঁধারে আওয়ামীলীগ নেতার দোকানে বিএনপি নেতার নাশকতার চেষ্টা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আঁধারে আগুন লাগিয়ে নাশকতার চেষ্টা করে বিএনপি সমর্থিত এমরান।

তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিয়ন্ত্রণে না আনতে পারলে চট্টগ্রামেও ঘটতে পারতো ‘চুড়িহাট্টা ট্রাজেডি’র মত ভয়াবহ দুর্ঘটনা। কারণ সেই দোকানেও ছিল ২৮টি সিলিন্ডার ভর্তি এলপিজি গ্যাস।

ঘটনার চারদিন পর ওই দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা উদ্ধারের মাধ্যমে খোলাসা হয় কে ছিল এর পেছনে এবং কারণ কি!

জানা যায়, ৩১ মার্চ রাত পৌনে ২টার দিকে এমরান চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার এলাকার চানমারী রোডের ওই দোকানের ভেতরে ঢুকে মুখে মুখোশ বেঁধে এ নাশকতা চেষ্টা করেন। এমরানকে ইতোমধ্যে আটক করেছে খুলশী থানা পুলিশ।

এলাকা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা মাসুমের দোকানের পাশেই একটি চা দোকান দখল করে রেখেছে স্থানীয় বিএনপি সমর্থিত নজির আহমেদ নামে এক ব্যক্তি। আবার সেই দোকানের দখলদার হিসেবে বসিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এমরানকে।

এবিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের দোকানে অগ্নিসংযোগ চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করার পর আমরা একজনকে আটক করেছি। এরপর তাকে আদালতে প্রেরণ করা হয়। জবানবন্দিতে সে আগুন লাগানোর বিষয়টি স্বীকার করে।

ওসি আরও বলেন, জবানবন্দিতে সে বলেছে এ ঘটনায় তার সঙ্গে আরও একজনের সম্পৃক্ততা আছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন