১৯ মার্চ ২০২৬

ইসরায়েল-ফিলিস্তিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক  »

গাজায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে আট দিনের রক্তক্ষয়ী সহিংসতার পর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  তিনি সোমবার ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন ব্যক্ত করেন।  মঙ্গলবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, জো বাইডেন গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র মিশর ও অন্যান্য দেশের সাথে শক্রুতা বন্ধে কাজ করছে।

অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব আবারও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তৃতীয়বারের মতো নিন্দা প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা পরিষদ থেকে অস্ত্রবিরতির আহ্বানের জন্য নরওয়ে, চীন ও তিউনিসয়ার নেতৃত্বে চেষ্টা চলছে। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতায় এখনো তা ফলপ্রসূ হয়নি।

ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার আল-জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থানে তারা হতাশ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনে যে ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছিল, তার প্রতিফলন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঘটছে না বলে জানান তিনি।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন ১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬১টি শিশু ও ৩৬ জন নারী রয়েছেন। আর হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ দশ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন