বাংলাধারা ডেস্ক »
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছে। করোনা মোকাবিলায় সরকারের অব্যস্থাপনাই যদি থাকত, তাহলে সংক্রমণের সংখ্যা আট হাজার থেকে ৬০০ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে এলো কী করে?’
মঙ্গলবার (১৮ মে) সকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
স্বাস্থ্যবিধি মেনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই।’
বিএনপির মহাসচিবের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করল, তখন তারা (বিএনপি) কৌশলে এর বিরোধিতা করল। বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যাকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিল, তাও ব্যর্থ হয়েছে। বিএনপির মহাসচিব এখন শাটডাউন, ক্র্যাকডাউন নানান পরিভাষা ব্যবহার করছে। অথচ যখন মানুষের জীবন-জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার পাবে, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।’
করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্য ইকোনমিস্ট, যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিনসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’
বাংলাধারা/এফএস/এআর












