১৯ মার্চ ২০২৬

বুধবার মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা নিষিদ্ধ

বাংলাধারা ডেস্ক  »

দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে আজ বুধবার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে দেশের জলসীমায় ৬৫ দিনের জন্য সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। মৎস্য অধিদপ্তর প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ করে। সাগরে সব প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি ও ইলিশ বড় হওয়ার সুযোগ করে দিতেই এই পদক্ষেপ।

৬৫ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করার প্রস্তুতি হিসেবে মঙ্গলবার ঢাকার মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় ১৪ জেলার জেলা প্রশাসক ও সংশ্নিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাগরে সব ধরনের মাছ ধরায় ৬৫ দিনের এ নিষেধাজ্ঞা শুরু হবে আজ রাত ১২টা ১ মিনিটে।

এদিকে মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়বেন ভোলার ৬৩ হাজার জেলে। মাছ ধরা বন্ধ থাকায় অভাব-অনটন আর সংকটের মধ্য পড়বেন তারা। পরিবার-পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন সে চিন্তায় দিশেহারা হয়ে পড়ছেন।

এদিকে উপকূলীয় মৎস্য আড়তে দেখা গেছে, সমুদ্রগামী জেলেরা জাল, ট্রলার ও ফিশিংবোট নিয়ে সাগর থেকে নিজ নিজ ঘাটে ফিরতে শুরু করেছেন।

জেলেরা জানান, একবার সাগরে গেলে তারা ফিরে আসেন ৫ থেকে ১৫ দিন পর। যে মাছ পান তা বিক্রি করে অন্তত ৩ থেকে ৫ লাখ টাকা বা তার চেয়েও কিছু বেশি টাকা পান। কিন্তু মাছ ধরা বন্ধ তাই বেকার হয়ে পড়েছেন তারা।

জেলেদের দাবি, সরকারের পক্ষ থেকে জেলে পুনর্বাসনের বরাদ্দ আরো বাড়িয়ে দিলে কিছুটা হলেও সংকট দূর হতো। জেলেরা বলছেন, তারা শুধু সাগরে মাছ ধরে থাকেন। এ মাছের উপরই তাদের জীবন-জীবিকা। মাছ ধরা বন্ধ থাকলে তাদেন আয় বন্ধ হয়ে যায়, তাই ৬৫ দিনের নিষেধাজ্ঞাকালে বরাদ্দ যেন বাড়িয়ে দেওয়া হয়।

সূত্র জানিয়েছে, জেলায় সমুদ্র মাছ শিকার করে জীবিকা বির্বাহ করে এমন জেলের সংখ্যা ৬৩ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে সদরে ৩ হাজার ৬৯৮ জন, বোরহানউদ্দিনে ৭ হাজার ৬৫০ জন, দৌলতখানে ১১ হাজার ৫৫০ জন, লালমোহনে ৮ হাজার ৮০৪ জন, তজুমদ্দিনে ৪ হাজার ৫০৬ জন, চরফ্যাশন উপজেলায় ১৭ হাজার ৫৬১ জন ও মনপুরা উপজেলায় ১০ হাজার ১৮৫ জন।

মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এমন নিবন্ধিত জেলে রয়েছে ৬৩ হাজার ৯৫৪ জন। তাদের সবাই চাল পাবে। খুব শিগগিরই তা বিতরণ শুরু হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন